পুনর্জন্ম

শিকড় উপড়ে ফেলতে চাও তুমি!
তুমি কি ভুলে গেছো? ঝরা পাতা থেকেও
                       কোনোকোনো গাছের পুনর্জন্ম হয়! 

দাহ

মৃত্যুবীজ বুকে পুতে ফেলে,
আমি হয়ে গেছি এক মরা বৃক্ষ।
বছরের পর বছর-
আমার দাহ হয় বিষাদের অনলে।

পাঁজরের বিশালতা

আমার পাঁজরের বিশালতা তোমার চোখের সমান, 
এদিকে তোমার কোনো ভ্রুক্ষেপ নেই। 
তুমি পড়ে আছো সেই ঘুড়ি বিহীন নাটাইয়ের মত। 

অথচ তুমি ভুলে যাও, আমি সুতোর বাঁধন ছিঁড়ে যেতে পারিনা কোথাও হাওয়াই গা ভাসিয়ে। 

অমন কোনো বার্ধক্য আসেনি প্রেমে- রুদ্রাক্ষ অহম

অমন কোনো বার্ধক্য আসেনি প্রেমে।
শরীর বেঁচে থাকলে রোগের সংক্রমন হবেই।
নিরাময় চাই, সুস্থতা চাই, ভালোবাসার সিন্দুক চাই।
এমনতো নয় যে উঠে দাঁড়াতে পারিনা-
হাটঁতে পারিনা, এখান থেকে ওখানে যেতে পারিনা!
তোমাকে ছুঁতে পারিনা ভালোবেসে।
শরীর বেঁচে থাকলে রোগের সংক্রমন হবেই।
নিরাময় চাই, সুস্থতা চাই,ভালোবাসার সিন্দুক চাই।
এমনতো নয় যে হাসতে পারিনা-
বলতে পারিনা, দু'একটা কবিতা পড়তে পারিনা।
তোমাকে ভালোবাসার কথা জানাতে পারিনা প্রাণ খুলে ।
শরীর বেঁচে থাকলে রোগের সংক্রমন হবেই।
নিরাময় চাই, সুস্থতা চাই, ভালোবাসার সিন্দুক চাই।
অমন কোনো বার্ধক্য আসেনি প্রেমে।
যা কিছু দৃশ্যমান ব্যাধি, তা নিছক সাময়িক যন্ত্রণা মাত্র।

আমি তোমাকে ছেঁড়ে যাই না -রুদ্রাক্ষ অহম

মুক্ত পাখিও একদিন বন্দী হয় মায়ার খাঁচায়। 
বিশ্বাস কর, মুক্ত বিহঙ্গের মত আমার মাথার উপর 
খোলা আকাশ, আমাকে ডাক দেয়-
                       অথচ আমি তোমাকে ছেঁড়ে যাই না। 
  
আমার যা কিছু সুখ প্রাপ্য, মুঠো মুঠো প্রশান্তির গভীরতা বিদ্যমান !
তা কেমলমাত্র তোমাতে চিরায়ত, তোমাতেই অবিনশ্বর । 

একলা থাকি

আজকাল আমি উপেক্ষিত খুব,
জানালার পাশের তুইও চুপ।
আজকাল আমায় ঘর ডাকে না,
তোকে কেন আর দেখিনা!
শহরের বুকে যত আঁধার নামে,
পথটা আমার তত থামে।
বিষণ্ণতার চোখে ঝাপসা দেখি-
আমিও আজকাল একলা থাকি।

তীব্র কষ্ট হই!

আকাশের বুকটা মেঘলা বিষণ,
আমার থেকে বেশি কে তোকে ভাবে এখন?
আমিও কি তোর এত আপন!
গোধূলি আলো যখন ফিকে হয়ে যায় রাতের রঙে, 
আমায় ভেবে তোর মনটাও কি ভাঙে!
তোর বুকের জানালায় আমিও কি তীব্র কষ্ট হই!
মুখটাও কি ভিজে যায় বোবা কান্না জলে?

রাখবে আমায়!

যতদূর যাবে, রাখবে আমায়!
কতদূর গেলে বল প্রেম হারায়?
-রুদ্রাক্ষ অহম

ভালোবাসা মরুক

ভোরের আলো নষ্ট হচ্ছে, হোক।
তোকে চেয়ে মন ভাঙছে, ভঙুক।
বিষণ্ণতার চোখে আঁধার নামছে, নামুক।
ভালোবাসা মরছে যখন, মরুক।

বিদ্রোহী

আরো কিছু বিষণ্ণতা চাই,
চাই আরো খুব মন খারাপের রাত-
সহ্যের সীমান্ত যেন ছুঁয়ে যাক নিঃসঙ্গতার অভিশাপ।
তবেই না হৃদয়টা অবহেলায় ধুয়ে মুছে হয়ে উঠবে বিদ্রোহী-
সময় ভুলে যাবে তোমার নামের যত সব পাগলামি।

১২/

তোর নামে নেমে আসা যত শব্দ-
বেলা অবেলা যাই হোক, আমায় করে ফেলে জব্দ।
-রুদ্রাক্ষ অহম

তোমায় চাই না বলে

শুধু তোমায় চাইনা বলে প্রিয়তমা-
সকাল আমায় দিচ্ছে কিছু মিথ্যে তাড়াহুড়া।
যন্ত্রণা ভুলায় অহেতুক যান্ত্রিকতার বাহানা।
শুধু তোমায় চাইনা বলে প্রিয়তমা-
ঘরটা আমার আজকাল আমায় চাইনা, ডাকেনা।
ফেরার পথ রুদ্ধ, কুকিয়ে উঠে শূন্যতা।
শুধু তোমায় চাইনা বলে প্রিয়তমা-
জ্যোৎস্না গুলো কিছুতেই আমার হয় না-
আমার জানালায় আর ফুটে না।
শুধু তোমায় চাইনা বলে প্রিয়তমা-
রাতের ঘরটা আমার অস্থির খুব,
যত্রতত্র আমায় পোড়ায় একলা বারান্দা।
শুধু তোমায় চাইনা বলে প্রিয়তমা-
আমার আর কখনো প্রেমিক হওয়া হয় না।

১১/

রাত! নাকি ভোর এখন?
চোখের বুকটা খালি বিষণ।
ঘুমের চোখে তুই,
আজ না হয় তোকেই লিখলাম।
 
- রুদ্রাক্ষ অহম

১০/

আঁধারের দেয়ালে লিখছি তোকে খুব,
চোখ জোড়া চাইছে, আরো কিছু রাত জাগুক।

- রুদ্রাক্ষ অহম

৯/

মেঘে ঢাকা আকাশ, বাতাসে স্লোগানের ধ্বনি-
রাজপথে লিখছে তারা, অধিকার আদায়ের বাণী।

-রুদ্রাক্ষ অহম

৮/

ঘড়ির কাটাকে শিখিয়ে দিলাম তোর "নামটা"-
সময়মত রোজ রাত্রিবেলা ঝাপসা দেখি, "বারান্দাটা।"

-রুদ্রাক্ষ অহম